ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন ডেঙ্গু রোগী।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে (উত্তর ও দক্ষিণ সিটি) ৫৭ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৮৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬০ জন।
তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছে জুন মাসে। এ মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন।
এদিকে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯৩ জন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন।
এনএনবাংলা/

