ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা ফুটবল ছিল গভীর অনিশ্চয়তার মধ্যে। শেষ ষোলো থেকে বিদায়, দল পুনর্গঠনের চ্যালেঞ্জ এবং নতুন কোচ খুঁজে পেতে দীর্ঘ টানাপোড়েন—সব মিলিয়ে কঠিন সময় পার করছিল আলবিসেলেস্তেরা। সেই সময়ে অনেক অভিজ্ঞ কোচ দায়িত্ব নিতে আগ্রহ দেখাননি। ঠিক তখনই দায়িত্ব তুলে দেওয়া হয় লিওনেল স্কালোনির হাতে। সিদ্ধান্তটি তখন অনেকের কাছেই ছিল বড় এক ঝুঁকি। কিন্তু মাত্র আট বছরের ব্যবধানে সেই স্কালোনিই এখন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচদের একজন হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
৪৮ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচের নেতৃত্বেই ২০২২ কাতার বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপাখরা কাটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর তার হাত ধরেই কোপা আমেরিকার ট্রফিও জেতে দলটি। এবার লক্ষ্য আরও বড়—টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা। সেই লক্ষ্য পূরণে রবিবার রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দেশ টানা দুই আসরে শিরোপা জয়ের কৃতিত্ব দেখাতে পেরেছে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল এই বিরল অর্জন করে। এবার সেই গৌরবময় তালিকায় নাম লেখানোর সুযোগ এসেছে আর্জেন্টিনার সামনে।
তবে কোচ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি আরও বিরল। এখন পর্যন্ত ইতিহাসে একমাত্র ভিত্তোরিও পোজ্জোই এই রেকর্ডের মালিক। তার অধীনেই ১৯৩৪ ও ১৯৩৮ সালে বিশ্বকাপ জিতেছিল ইতালি।
অন্যদিকে ব্রাজিল টানা দুই বিশ্বকাপ জিতলেও দুই আসরে ছিল ভিন্ন দুই কোচ। ১৯৫৮ সালে দলটির দায়িত্বে ছিলেন ভিসেন্তে ফেওলা, আর ১৯৬২ সালে নেতৃত্ব দেন আইমোরে মোরেইরা। ফলে একই কোচের অধীনে টানা দুই বিশ্বকাপ জয়ের রেকর্ড এখনও কেবল পোজ্জোর দখলেই রয়েছে।
এ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি বিশ্বকাপে শিরোপা জিতেছেন মোট ২১ জন কোচ। তাদের মধ্যে পাঁচজন কোচ একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একবার রানার্সআপ হওয়ার অভিজ্ঞতাও অর্জন করেছেন। এই তালিকায় রয়েছেন জার্মানির হেলমুট শ্যোন ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আর্জেন্টিনার কার্লোস বিলার্দো, ব্রাজিলের মারিও জাগালো এবং ফ্রান্সের দিদিয়ের দেশম।
স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা পরাজিত হলে স্কালোনিও এই বিশেষ তালিকায় যুক্ত হবেন। তবে যদি তার দল শিরোপা জিতে নেয়, তাহলে ইতিহাসে মাত্র দ্বিতীয় কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বেন তিনি। পাশাপাশি আধুনিক ফুটবলের যুগে টানা দুই বিশ্বকাপজয়ী প্রথম কোচ হিসেবেও নিজের নাম লেখাবেন এই আর্জেন্টাইন।
বিশ্বকাপ ইতিহাসের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, শিরোপাজয়ী ২১ জন কোচই নিজ নিজ দেশের জাতীয় দলের দায়িত্বে থেকেই বিশ্বকাপ জিতেছেন। এবারও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। কারণ ফাইনালে মুখোমুখি হওয়া দুই দলের কোচই নিজ নিজ দেশের—আর্জেন্টিনার লিওনেল স্কালোনি এবং স্পেনের লুইস দে লা ফুয়েন্তে।
তাই রবিবারের এই ফাইনাল শুধু আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণের ম্যাচ নয়, এটি লিওনেল স্কালোনির জন্যও ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লেখার মঞ্চ। আর মাত্র একটি জয়ই তাকে পৌঁছে দিতে পারে ফুটবল কোচিংয়ের সর্বোচ্চ সম্মানের আসনে।
এনএনবাংলা/
