বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার ও বাছাই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নিতে দুবাইয়ের ওই কোম্পানির একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল বাংলাদেশ থেকে চালক নিয়োগের আগ্রহের কথা জানায়।
প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী প্রতিষ্ঠানটিতে ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রমী হিসেবে উল্লেখ করে তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়ার কথাও জানায় প্রতিষ্ঠানটি।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। চাকরির মেয়াদ দুই বছর, যা পরবর্তী সময়ে নবায়নযোগ্য। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা এবং এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। পাশাপাশি কর্মীদের আবাসনের ব্যবস্থাও করা হবে। তবে গাড়ি পাওয়ার ৩ মাস পর আবাসনসহ এ-সংক্রান্ত নির্ধারিত অর্থ প্রতি মাসে বেতন থেকে কেটে নেওয়া হবে। অন্যান্য শর্ত ও সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সঙ্গে মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি, সাদা পটভূমির পাসপোর্ট সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স ও এর রঙিন ফটোকপি, জীবনবৃত্তান্ত (সিভি) এবং শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপি আনতে বলা হয়েছে।
সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
এনএনবাংলা/এফএস

