নীলফামারীতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামাজিক বনায়ন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে সামাজিক বনায়ন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার থেকে নীলফামারী সদর উপজেলার হাজীগঞ্জ বাজার সংলগ্ন কাঞ্চনপাড়া মোড়ের চৌপথি থেকে মাস্টারপাড়া পর্যন্ত সড়কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় প্রায় দুই কিলোমিটার সড়কের দু’ধারে ২ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা ফরেস্ট অফিসার নিশি কান্ত মালাকার, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি প্রকৌশলী এস. এম. সফিকুল আলম ডাবলু, দ্বীপ্তমান মানব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আব্দুল মোমিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এডিপির সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের ওএস মো. কামরুল হাসান।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুদূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের জন্য নির্মল পরিবেশ তৈরিতে সহায়তা করে। তাই শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরিবেশ সুরক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এনএনবাংলা/

