সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ভারতে মুসলিম ও বাংলাভাষীসহ বিভিন্ন সম্প্রদায়ের নির্যাতনে জাতিসংঘের উদ্বেগ

ফাইল ছবি

ভারতে আদিবাসী জনগোষ্ঠী, দলিতসহ বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্যবিরোধী একটি কমিটি।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বলপ্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের কমিটি অন দ্য এলিমিনেশন অব রেসিয়াল ডিসক্রিমিনেশন (সিইআরডি) জানায়, মুসলিমসহ ভারতের বিভিন্ন জাতিগত ও ধর্মীয়-জাতিগত গোষ্ঠী, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠী, তফসিলি জাতি এবং বিশেষ করে দলিতদের পাশাপাশি অ-নাগরিকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় ধরনের অধিকার লঙ্ঘনের খবর নিয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

সিইআরডি বলেছে, এসব অভিযোগের মধ্যে জাতিগত বিদ্বেষপ্রসূত সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই নির্বিচারে ও দীর্ঘ সময় আটক, নির্যাতন, দুর্ব্যবহার এবং যৌন সহিংসতার মতো ঘটনা রয়েছে। প্রতিটি অভিযোগ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি।

বাংলাভাষী মুসলিম ও রোহিঙ্গাদের নিয়েও উদ্বেগ

ভারতে রোহিঙ্গা, বাংলাভাষী মুসলিম, অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বাড়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে সিইআরডি।

কমিটির মতে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে পুলিশি তল্লাশি ও পরিচয় যাচাইয়ের ঘটনায় জাতিগত প্রোফাইলিংয়ের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এসব অভিযানের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই নির্বিচারে গ্রেপ্তার ও আটক, নির্যাতন এবং দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন এমন ব্যক্তিদের নির্বাসন ও জোরপূর্বক ফেরত পাঠানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। এসব গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য ও বিদ্বেষপ্রসূত অপরাধ ‘জরুরিভাবে’ মোকাবিলা করতে ভারতকে আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে সম্মিলিতভাবে মানুষকে বহিষ্কার না করা এবং সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছে সিইআরডি।

ভারত চলতি মাসের শুরুতে সিইআরডির পর্যালোচনায় অংশ নেয়। ২০০৭ সালের পর এই প্রথম জাতিসংঘের এই কমিটির সামনে ভারতের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

সিইআরডি ১৮ জন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের একটি কমিটি। জাতিগত বৈষম্য বিলোপসংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন মেনে চলার বিষয়টি এই কমিটি পর্যবেক্ষণ করে। বর্তমানে ১৮২টি দেশ এই কনভেনশনের অংশীদার।

এনএনবাংলা/