চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচ শিশু হলো—মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে শিশুরা কাউকে না জানিয়ে গ্রামের পাশের নদীতে গোসল করতে নামে। এ সময় গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজ পড়তে মসজিদে ছিলেন। ফলে শিশুদের নদীতে যাওয়ার বিষয়টি কেউ জানতে পারেননি।
পরে একপর্যায়ে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সুযোগে শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। পরে তারা পানিতে ডুবে যায়।
স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত নদীটি পদ্মার একটি শাখা। বর্ষা ও বৃষ্টির মৌসুমে পদ্মার পানি ঢুকে নদীটি পানিতে ভরে যায়। বছরের অন্য সময়ে এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে কৃষিকাজ করা হয়।
সম্প্রতি বৃষ্টি এবং পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মরা নদীটি পানিতে পূর্ণ হয়ে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু সেখানে গোসল করতে নামার পর এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএনবাংলা/

