সাম্প্রতিক
Skip to content

নেপাল-তিব্বতে আবারও উদ্ধার কাজ শুরু, অনেককে জীবিত পাওয়ার আশা

ছবি: চায়না ডেইলির সৌজন্যে

নেপাল ও তিব্বতে নতুন করে পাহাড়ি ঢলের আশঙ্কা কমে যাওয়ায় আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। হিমবাহ ধসের পর সৃষ্ট হ্রদের বাঁধ ভেঙে পানি উপচে পড়ার আশঙ্কায় শুক্রবার (২৮ আগস্ট) সকালে সাময়িকভাবে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

নেপালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান পুনরায় শুরুর বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র। অন্যদিকে তিব্বতে উদ্ধার কাজ ফের শুরুর খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে বন্যার ঝুঁকি বর্তমানে ‘নিয়ন্ত্রণযোগ্য’ পর্যায়ে রয়েছে। ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উদ্ধারকারীরা আবারও ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছেন।

তবে নেপালের পরিস্থিতি এখনও সংকটজনক বলে জানিয়েছেন ত্রাণকর্মীরা। দেশটিতে কাজ করা মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ধ্রুব গুরমাছান বিবিসিকে বলেন, পরিস্থিতি এখনও বিশৃঙ্খল। ক্ষতিগ্রস্ত মানুষ সহায়তার আশায় মরিয়া হয়ে অপেক্ষা করছেন। অনেকের ঘরবাড়ি ভেসে গেছে এবং পুরো পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক।

উদ্ধার অভিযান নিয়ে আশাবাদ ব্যক্ত করে গুরমাছান বলেন, এখনও আশা রয়েছে। নিখোঁজদের মধ্যে কেউ কেউ জীবিত অবস্থায় উদ্ধার হতে পারেন। তবে যোগাযোগ নেটওয়ার্কে সমস্যা থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।

নতুন করে পাহাড়ি ঢলের ঝুঁকি কমায় উদ্ধার অভিযান শুরু হওয়ায় নিখোঁজদের স্বজনদের মধ্যেও কিছুটা আশার সঞ্চার হয়েছে। উদ্ধারকারীরা এখন সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন।

এনএনবাংলা/