হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯০৯ জনের।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪০৭ জন। এরপর সিলেট বিভাগে ১৫৭ জন, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৬৬, বরিশালে ৫৭, খুলনায় ৩৮ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিনের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১৬৫ জন রোগী এসেছে। তাদের মধ্যে ১ হাজার ১১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৪ জন, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৫৩, বরিশালে ১১৬, খুলনায় ৯০, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ৩১ এবং রংপুর বিভাগে ১৪ জন রয়েছেন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। ভর্তি রোগীদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে, একই সময়ে দেশে হাম শনাক্ত হয়েছে এমন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জনে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর এ বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গসংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করে আসছে।
এনএনবাংলা/
