ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে লিফটের কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়।
হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ মারা যাননি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে প্রায় ২০ জন আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এনএনবাংলা/
