রিয়াদে বিমানবন্দরের পাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা, ধ্বংসের দাবি সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে গতকাল শনিবার যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে; সেটির উৎস হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি এ দাবি করেছে।
হুতিদের গতকালের এ দাবির বিষয়টি স্বীকার করে নিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হুতিবিরোধী জোট। গতকাল জানানো হয়, রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। তবে সেটি শনাক্ত ও আগেভাগে প্রতিহত করা গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের তথ্য, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপোতে আগুন জ্বলতে দেখেছেন তাদের এক সাংবাদিক। সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর লোগোযুক্ত একটি জ্বালানি ট্যাংকের সেই আগুন পরে নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। ফুটেজটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে এএফপি। সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, ‘সৌদি আরবের বিমানবাহিনী শনিবার ভোরে রিয়াদ শহরের দিকে হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।’
তুর্কি আল-মালিকি আরও বলেন, হুতিরা সৌদি আরবের বিশা, তাইফ, ফারাসান ও ইয়ানবুতে সাধারণ লোকজন এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করেছিল। সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেসব হামলা ব্যর্থ করে দিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় হুতিরা খুব অল্প সময়ের অভিযানে ইয়েমেনের বিশাল এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দেশটির সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর প্রভাব দেখা গেছে সৌদি আরবেও। দেশটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে হুতিরা।
