আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে বৃহস্পতিবার, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী

আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথম ধাপে ১১২ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে নতুন করে জনশক্তি রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে বৃহস্পতিবার কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন এসব কর্মী। বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কাজে যোগ দেবেন।
বোয়েসেল জানিয়েছে, কর্মীদের যাতায়াতসহ বিদেশ যাওয়ার যাবতীয় খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা।
রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এ জন্য লটারির মাধ্যমে কর্মী বাছাই করা হচ্ছে।
এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার কর্মী নিয়েছিল মালয়েশিয়া। তবে নিয়োগে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুন থেকে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, সিন্ডিকেট ও নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে এর আগেও কয়েক দফায় বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল। ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২২ সালেও দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল।
এনএনবাংলা/


