Skip to content

LIVE 90'+3'
France
2-0
Senegal
Source: ESPN

শাকিবের পর যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন অপু বিশ্বাসও

অনলাইন ডেস্ক :

ঈদের ক’দিন বাদেই ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান গেছেন যুক্তরাষ্ট্রে। এরইমধ্যে সেখানেও মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে এ নায়কের ঈদের ছবি ‘প্রিয়তমা’। তবে শাকিবের এবারের সফরের কারণ এখনো জানা যায়নি। এবার শাকিবের পর যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন অপু বিশ্বাসও। শাকিবের সাবেক স্ত্রী অপু তাদের সন্তান আব্রাম খান জয়সহ গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তবে অপুর এবারের সফরটাও কী কারণে সে বিষয়ে তিনি এখনো কিছু জানাননি। এদিকে এরইমধ্যে গুঞ্জন উঠেছে শাকিব খান ও অপু বিশ্বাস আবার এক হতে যাচ্ছেন। যদিও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। তবে শাকিব খানকে দেখা গেছে অপু বিশ্বাসের ঈদের ছবি ‘লাল শাড়ি’র প্রচারণায়। ফেসবুক পোস্ট দিয়ে শাকিব এ ছবি দেখার আমন্ত্রণ জানান দর্শকদের। অন্যদিকে অপু বিশ্বাসও জানিয়েছেন, মা-বাবার পর তার প্রত্যেকটা সাফল্যের পেছনে শাকিবের অবদান।

এরপর এক প্রশ্নের জববে অপু বিশ্বাস বলেন, যদি প্রযোজক ও পরিচালকরা চায় তবে অবশ্যই আমরা একসঙ্গে কাজ করতে পারি। এমনকি এও জানান, ‘লাল শাড়ি’- সিনেমা বানাতে গিয়ে আর্থিকভাবেও তাকে সহায়তা করেছেন শাকিব। অন্যদিকে শাকিবের ‘প্রিয়তমা’ ছবিটিরও ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিকে এরইমধ্যে শাকিবের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর। এ নায়িকা দীর্ঘ সাক্ষাৎকারে জানিয়েছেন, শাকিব খান অপরিচিত হয়ে গেছেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেবেন বুবলী। কিন্তু কাদা ছোড়াছুড়ি না করার অনুরোধ জানান এ নায়িকা। প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ই এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তারা দু’জন সিনেমার শুটিং অব্যাহত রাখেন।

২০১৭ সালের ১০ই এপ্রিল বিকালে একটি টেলিভিশন চ্যানেলে ৬ মাস বয়সের ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু। সেদিন অপু বলেন, আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলে আছে। বিয়ের খবর জনসমক্ষে আসার পর দু’জনের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। এরপর ২০১৭ সালের ২২শে নভেম্বর অপু বিশ্বাসের ঢাকার বাসা ও বগুড়ার ঠিকানায় রেজিস্ট্রি করা হলফনামা আকারে তালাকনামা পাঠানো হয়। যার প্রেক্ষিতে ২০১৮ সালের ২২শে ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ কার্যকর হয়।