সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আইসিসি–পিসিবি বৈঠকে বিসিবি, যা বলছে পাকিস্তানের গণমাধ্যম

 

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের প্রস্তুতি এগিয়ে নেয় সংস্থাটি। তবে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দিলে পরিস্থিতি নতুন মোড় নেয়।

এ অবস্থায় গতকাল রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠক করতে লাহোরে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। একই দিন সকালে লাহোরে পৌঁছান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। তিনি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে আলাদা বৈঠক করেন এবং পরে আইসিসির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দেন। বৈঠক শেষে গতকাল রাতেই পাকিস্তান ত্যাগ করেন বিসিবি সভাপতি।

পাকিস্তানি গণমাধ্যম যা বলছে

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ভারত-ম্যাচ বয়কট নিয়ে আলোচনায় পিসিবি বাংলাদেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যকার আলোচনায় পিসিবি সমন্বয়কারীর ভূমিকা পালন করেছে বলেও জানানো হয়।

জিও টিভির অনলাইন প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, বিসিবি আইসিসির কাছে কিছু দাবি উপস্থাপন করেছে। আইসিসি সেগুলোর প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং বিসিবির অভিযোগ সমাধানে একটি ‘ফর্মুলা’ বা সমঝোতার খসড়া তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ বৈঠকের পর প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য ইমরান খাজা আইসিসি সদর দপ্তরে ফিরে গেছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলামও বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন। প্রস্তাবিত ফর্মুলা নিয়ে একমত হলে আইসিসি ও বিসিবি কর্মকর্তারা আবার বৈঠকে বসবেন বলে জানা গেছে।

এক্সপ্রেস ট্রিবিউন ও ডনের প্রতিবেদন

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বৈঠকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ‘ক্রিকেটের বৃহত্তর স্বার্থে’ পিসিবিকে ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি পাকিস্তান ও বাংলাদেশের নির্দিষ্ট কিছু উদ্বেগের বিষয়ে সমর্থন জানিয়ে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অন্যদিকে দ্য ডন লিখেছে, পিসিবি বৈঠকে আইসিসির কর্মকাণ্ডে রাজনীতির প্রভাব এবং ভারতের অতিরিক্ত হস্তক্ষেপের বিষয়টি জোরালোভাবে তুলে ধরে। সূত্রের বরাতে ডন জানায়, ‘বাংলাদেশকে আলাদা ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই, তবে আইসিসির আয় থেকে তাদের পূর্ণ অংশ নিশ্চিত করা হবে।’

এনডিটিভির দাবি: তিন দফা দাবি তুলেছে বিসিবি

ভারতের এনডিটিভির সূত্র অনুযায়ী, বিসিবি আইসিসির কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে—

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় বর্ধিত ক্ষতিপূরণ,
  • বিশ্বকাপের অংশগ্রহণ ফি প্রদান,
  • ভবিষ্যতে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব।

ত্রিপক্ষীয় আলোচনার ফলাফল এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হলে দ্রুতই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।

এনএনবাংলা/