বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) ধারাবাহিক ব্যর্থতার কারণে প্রধান কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
মৌসুমের বাকি ম্যাচগুলোতে মোহামেডানের ডাগআউট সামলাবেন সহকারী কোচ আব্দুল কায়ুম সেন্টু। পাশাপাশি টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মোহামেডান জানায়, দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ধারাবাহিক উন্নতির বিষয়টি পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। মৌসুমের শেষ পর্যন্ত দল পরিচালনার জন্য সহকারী কোচ সেন্টুকে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে ক্লাবের ফুটবল দলের সার্বিক ব্যবস্থাপনার জন্য আমিরুল ইসলাম বাবুকে টিম লিডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
লিগে ১০ দলের মধ্যে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে মোহামেডান। রেলিগেশন পর্যায় থেকে থেকে মাত্র দুই পয়েন্ট দূরে। ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে টানা ৮ ম্যাচ জয়হীন ঐতিহ্যবাহী ক্লাবটি। ফেডারেশন কাপেও নাজুক অবস্থায় মোহামেডান। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে ‘বি’ গ্রুপের চারে। প্লে অফে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
উল্লেখ্য, ২০২৩ সালে মোহামেডানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান আলফাজ। তার অধীনে ২৩ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে লিগ শিরোপা জেতে সাদা-কালোরা। একই বছর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে জেতে ফেডারেশন কাপের শিরোপাও।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ