ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনায় অংশ নিতে আজ রোববার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে।
আগামী সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও পাকিস্তান, ইরান কিংবা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি।
বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আগমনে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নজিরবিহীনভাবে। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের রেড জোন ও বর্ধিত রেড জোন এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডিতে গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে জেলা প্রশাসন।
রাওয়ালপিণ্ডি পুলিশের সিটি অফিসার সৈয়দ খালিদ মাহমুদ হামদানির নির্দেশে পুরো শহরজুড়ে উচ্চ সতর্কতা জারি রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং ৬০০টিরও বেশি বিশেষ পিকেট বসানো হয়েছে।
এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে এলিট কমান্ডো ও স্নাইপার মোতায়েন, ডলফিন ফোর্স ও কুইক রেসপন্স ইউনিটের টহল, এবং ‘সেফ সিটি’ প্রকল্পের সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। এরপর ১০ ও ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাত মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়ে তোলে। এর পর থেকেই কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে পাকিস্তান।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে মৌলিক বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুবই ফলপ্রসূ’ হলেও তিনি তেহরানকে কোনো ধরনের চাপ প্রয়োগ বা ‘ব্ল্যাকমেইল’ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছেন।
দ্বিতীয় দফার এই আলোচনার মাধ্যমে চলমান সংঘাতের স্থায়ী সমাধান খুঁজতে আশাবাদী বিশ্বনেতারা।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ