Skip to content

Upcoming
South Africa
0-0
Canada
Source: ESPN

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ–এর পদত্যাগের পর এবার সহকারী প্রক্টরের দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন শেহরীন আমিন ভূঁইয়া।

সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি জানান।

পোস্টে মোনামি উল্লেখ করেন, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক কোনো পদে কাজ করার আগ্রহ আগে অনুভব করেননি।

তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাকে সহকারী প্রক্টরের দায়িত্ব পালনের প্রস্তাব দিলে তিনি বিষয়টিকে সম্মানের হিসেবে গ্রহণ করেন। নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন ও প্রত্যাশা থেকে দেশের পাশাপাশি নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কাজ করার সুযোগকে তিনি সৌভাগ্য হিসেবে দেখেছিলেন বলেও জানান।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, বিভাগের সিনিয়র শিক্ষক সাইফুদ্দীন আহমদের আহ্বান উপেক্ষা করতে পারেননি তিনি। তার নেতৃত্বে কাজ করতে গিয়ে ধৈর্য, সংকট মোকাবিলা এবং আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন মোনামি।

সাইফুদ্দীন আহমদের প্রশংসা করে তিনি বলেন, ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের প্রতি সবসময় সহনশীল ও মানবিক আচরণ করেছেন। তার নেতৃত্বে প্রক্টরিয়াল টিমও শিক্ষার্থীদের প্রতি একই ধরনের ইতিবাচক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছে।

নিজের কাজের মূল্যায়ন করতে না চাইলেও মোনামি জানান, একজন অসাধারণ মানুষের নেতৃত্বে এবং দক্ষ একটি দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

জুলাই এবং পরবর্তী সময়ের পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রক্টর ও তার টিম সম্ভবত আগে এত কঠিন বাস্তবতার মুখোমুখি হয়নি, ভবিষ্যতেও নাও হতে পারে।

সবশেষে নতুন প্রক্টর ও তার টিমের প্রতি শুভকামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তারা গুরুত্বপূর্ণ এ দায়িত্ব সফলভাবে পালন করবেন।

এনএনবাংলা/পিএইচ