Skip to content

ওরিয়ন চেয়ারম্যান ওবায়দুল করিম সস্ত্রীক চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলেও অনুমতি মেলেনি

ফাইল ছবি

জরুরি চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর অথবা সংযুক্ত আরব আমিরাতে যেতে আবেদন করলেও অনুমতি পাননি ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিম। আদালত তাদের আবেদন নাকচ করে দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ-এর আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

এর আগে জরুরি চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে গত ৪ মে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছিলেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। গত সপ্তাহে প্রথম শুনানি শেষে অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল।

এদিন তাদের পক্ষে শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, কাউন্সিলের সদস্য ও বিডিআর বিদ্রোহ মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিনসহ একাধিক আইনজীবী।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে আবেদনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরে আবেদনটি নামঞ্জুর করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ ফেব্রুয়ারি ওবায়দুল করিমসহ তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

এনএনবাংলা/