চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় হাসপাতালে বসছে ইমারজেন্সি অ্যালার্ম: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তা জোরদারে রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোতে সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম ধাপে এ ব্যবস্থা চালু করা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।
মঙ্গলবার তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)-তে অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, হাসপাতালে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে একটি বিশেষ পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। আগামী ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
এনএনবাংলা/
