পল্লবীতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৭ পুলিশ
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দখল হওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে কালসী স্টিল ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, জাতীয় গৃহায়নের দখল করা জমি উচ্ছেদ কার্যক্রম চলাকালে একপর্যায়ে স্থানীয়রা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
তিনি আরও বলেন, দুপুর ১২টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন স্থানীয়রা হঠাৎ করে অতর্কিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। আহতদের দ্রুত রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। পরে দুপুরের বিরতির পর আবারও উচ্ছেদ অভিযান পুনরায় শুরু করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাধ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বস্তিবাসীদের জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিম পাশে অধিগ্রহণ করা সরকারি জমি এবং পুনর্বাসন জোনের তিন রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সূত্রটি আরও জানায়, একপর্যায়ে তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাধ্য হয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের ঘটনাস্থল থেকে সরে যেতে হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে প্রাথমিকভাবে পাঁচজন পুরুষ ও দুইজন নারী পুলিশ সদস্য রয়েছেন। তাদের সবাইকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক স্পট এবং রাজনৈতিক ক্লাব গড়ে তুলে প্রায় ৫০ বিঘা সরকারি জমি দখল করে রাখা হয়েছিল।
এনএনবাংলা/পিএইচ
