Skip to content

জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না এ দেশের মানুষ: মির্জা ফখরুল

এ দেশের জনগণ কখনোই জামায়াতে ইসলামিকে ক্ষমতায় গ্রহণ করবে না বলে দৃঢ় মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছিল এবং মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। এসব কারণে দেশের মানুষ তাদের কখনোই রাষ্ট্রক্ষমতায় দেখতে চাইবে না।

বুধবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পৌঁছানোর পর তিনি পরিত্যক্ত বিমানবন্দর এলাকাটি ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা এবং বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিমানবন্দরে তিন মন্ত্রী উপস্থিত হলে সেখানে উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের ঐতিহ্যবাহী নৃত্য এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। লালগালিচা সংবর্ধনায় তারা এলাকার মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হন।

মির্জা ফখরুল আরও বলেন, ধর্মের নামে রাজনীতি করা একটি দল রয়েছে—এ সময় জনতা উচ্চস্বরে “জামায়াতে ইসলামী” বলে ওঠে। তিনি তখন বলেন, নামটা আরও জোরে বলতে হবে। মিথ্যা ও ধর্মের অপব্যবহার করে রাজনীতি করা যাবে না, সত্য ও ন্যায়ের ভিত্তিতেই রাজনীতি করতে হবে।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুস সালাম, জাহিদুর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ্জামানসহ অনেকে।

অনুষ্ঠানে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুধীজন এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ