Skip to content

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপে

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদলের অন্তত পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এনসিপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় শাহেদের সঙ্গে থাকা এক ছাত্রদল কর্মী পাটওয়ারীর দিকে ডিম ছুড়ে মারেন এবং হামলার চেষ্টা করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। তাকে মাথায় হেলমেট পরিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটে।

ঝিনাইদহ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক হামিদ পারভেজ দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে এসেছিলেন। তার অভিযোগ, ছাত্রদল কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও ঘটনাটিকে ‘ছাত্রদল-যুবদলের পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ বলে অভিযোগ করা হয়েছে।

এনএনবাংলা/