Skip to content

ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা আইন মানছে চালকরা

ছবি: এএফপি

রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক আইন ভাঙলেই এখন ধরা পড়ছে এআই ক্যামেরায়। সিগন্যাল অমান্য, লেন ভাঙা কিংবা অবৈধ পার্কিং—সবকিছুই শনাক্ত করছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থা। ইতোমধ্যে শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। তবে প্রযুক্তির এই ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার উপায়ও খুঁজে পেয়েছেন কিছু চালক।

সম্প্রতি ঢাকার একটি মোড়ে ট্রাফিক সংকেত অমান্য করে গাড়ি চালিয়ে যাওয়ার পর মোবাইলে জরিমানার বার্তা পান গাড়ির মালিক। এআই চালিত ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয় নিয়ম ভাঙার ঘটনা। এরপর থেকেই আরও সতর্ক হয়ে গাড়ি চালাচ্ছেন বলে জানিয়েছেন চালক হান্নান রহমান জীবন (২৮)।

গত মাস থেকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক ক্যামেরাগুলোকে এআই সফটওয়্যারের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তি সড়কে থাকা বিদ্যমান সিসিটিভির লাইভ ফিড বিশ্লেষণ করে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র এনএম নাসিরুদ্দিন জানান, এআই ব্যবস্থা চালুর পর চালকদের আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এখন পর্যন্ত অন্তত ৩০০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের একটি নিয়ন্ত্রণ কক্ষে বসে ৫২ বছর বয়সী অ্যানালিস্ট শারমিন আফরোজ এআই ব্যবস্থার সঙ্গে যুক্ত সিসিটিভি ক্যামেরার লাইভ ফিডগুলো পর্যবেক্ষণ করছিলেন। সেখানে সফটওয়্যার কর্তৃক চিহ্নিত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যাচাই করেন। শারমিন আফরোজ জানান, একদিনেই এই সিস্টেমে প্রায় ৮০০টি ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে।

তবে প্রযুক্তি ব্যবস্থার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অনেক গাড়ির নম্বর প্লেট অস্পষ্ট বা ছোট হওয়ায় সেগুলো শনাক্ত করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ফুটপাত ব্যবহার করে মোটরসাইকেল বা গাড়ি চালানোর মতো অপরাধ শনাক্তে নতুন ফিচার যুক্ত করার কাজ চলছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক হাসিব মোহাম্মদ আহসান মনে করেন, প্রযুক্তির সফলতা নির্ভর করবে নিয়ম প্রয়োগের ধারাবাহিকতার ওপর। তাঁর মতে, ঢাকায় ট্রাফিক ব্যবস্থার আধুনিকীকরণে অতীতে বড় অঙ্কের বিনিয়োগ হলেও টেকসই বাস্তবায়নের অভাব ছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ-এর গবেষণায় ঢাকাকে বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর বলা হয়েছে। বিশ্বব্যাংক ও বুয়েটের যৌথ গবেষণা অনুযায়ী, ঢাকার রাস্তায় যানবাহনের গড় গতি ঘণ্টায় মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটার।

এনএনবাংলা/