Skip to content

বাস-অটোরিকশা সংঘর্ষে স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু, হাসপাতালে স্বামী

ছবি: সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাইপাস মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার দুই মেয়ে। এ ঘটনায় পরিবারের কর্তা আইনুল হকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা নূরজাহান বেগম (৪৫), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৫) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)। আহত আইনুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও দুই মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকিউল বারি। তিনি ওই এলাকায় স্পিডব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি আল মামুন সরকার বলেন, নিহতদের মরদেহ নেত্রকোনা জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী ঘটনার পর পালিয়ে গেছেন।

ইউএনও আবদুল্লাহ আল বাকিউল বারি বলেন, দুর্ঘটনাপ্রবণ স্থানটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে স্পিডব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে।

এনএনবাংলা/