Skip to content

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

দেশের প্রবীণ রাজনীতিবিদ, উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক মেয়েসহ অসংখ্য স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। একপর্যায়ে চলাচলের ক্ষমতা ও বাকশক্তি হারিয়ে ফেলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং দীর্ঘ সময় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ভোলার এই বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পালন করেন। ১৯৯৬ সালে গঠিত সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করা তোফায়েল আহমেদ নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে সক্রিয় থাকা এই নেতা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোর অন্যতম সাক্ষী ও অংশীদার ছিলেন।

এনএনবাংলা/