Skip to content

বরগুনায় জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

বরগুনার জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি পৃথক কক্ষ থেকে এক মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বরগুনা পৌরশহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রাণী (৩৪) এবং তাদের দুই মেয়ে আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)। ইতি রাণী জেলা পরিষদ ডাকবাংলোতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে ইতি রাণী ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেন। তিনি সাধারণত প্রতিদিন সকাল ৯টার দিকে কর্মস্থলে আসতেন। তবে বুধবার সকাল ১১টার দিকে দুই মেয়েকে সঙ্গে নিয়ে ডাকবাংলোতে আসেন। পরে তৃতীয় তলার একটি কক্ষের দরজা দীর্ঘ সময় ভেতর থেকে বন্ধ দেখে অন্য কর্মচারীদের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

পুলিশ একটি কক্ষ থেকে বড় মেয়ে আরাধা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। একই তলার আরেকটি কক্ষ থেকে ইতি রাণী ও ছোট মেয়ে অনুরাধা বিশ্বাসের মরদেহ পাওয়া যায়।

নিহত ইতি রাণীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস জানান, সকালে বাসা থেকে বের হওয়ার আগে তিনি স্ত্রীর সঙ্গে খাবারের বিষয়ে কথা বলেন। ইতি রাণী নিরামিষ রান্নার কথা বললে তিনি বাজার করে দেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে ঘরে তালা দেখতে পান। ইতি রাণী পাশের বাড়িতে তার বোনের কাছে যাবেন বলে জানিয়েছিলেন। তবে কী কারণে তিনি দুই মেয়েকে নিয়ে ডাকবাংলোতে গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ইতি রাণী সাধারণত সকাল ৯টার মধ্যেই কর্মস্থলে উপস্থিত হতেন। কিন্তু ঘটনার দিন তিনি দুই মেয়েকে নিয়ে বেলা ১১টার দিকে আসেন। ডাকবাংলোর বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা রয়েছে এবং পুলিশ ইতোমধ্যে সেসব ফুটেজ সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই মেয়েকে হত্যার পর ইতি রাণী আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, বড় মেয়ের মরদেহ যে কক্ষে পাওয়া গেছে সেটি খোলা ছিল। অন্যদিকে ভেতর থেকে বন্ধ থাকা আরেকটি কক্ষ থেকে মা ও ছোট মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বড় মেয়ের কক্ষ থেকে পাঁচটি ঘুমের ওষুধ ও একটি পানির বোতলও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে এটি পূর্বপরিকল্পিত আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।এনএনবাংলা/পিএইচ