সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে মন্ত্রীকে ‘স্টাডি’ করার পরামর্শ স্পিকারের

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় ভালোভাবে পর্যালোচনা বা স্টাডি করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় (ফার্টিলাইজার) গ্যাস সরবরাহ প্রসঙ্গে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্পিকার।
অধিবেশনে ফ্লোর নিয়ে রুমিন ফারহানা মন্ত্রীর আগের দেওয়া একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, মন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে আরও এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।
এ সময় আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময় জানতে চান তিনি।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হচ্ছে।
মন্ত্রী বলেন, “তিনি বিদ্যুৎও চান, আবার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চান। কিন্তু গ্যাসের সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখতে হওয়ায় আপাতত সেখানে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।”
তিনি আরও জানান, গত ১৭ বছরে কোনো গ্যাস কূপ খনন করা হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ড্রিলিং কার্যক্রম শুরু করেছে। নতুন গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জ ফার্টিলাইজারসহ বিভিন্ন শিল্প কারখানায় সংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে দেওয়া আগের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধ হয় পাওয়া যায়নি।”
ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, “সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটি ড্রিলিংসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় ভালোভাবে স্টাডি করে তারপর দেবেন।”
এনএনবাংলা/
