Skip to content

Upcoming
Germany
0-0
Curaçao
Source: ESPN

বিশ্বকাপে প্রথম ম্যাচেই হোঁচট, ব্রাজিলের একাদশ নিয়ে বিতর্ক

ছবি: ফিফা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচেই প্রত্যাশিত শুরু করতে পারেনি ব্রাজিল। শনিবার রাতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের পর ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো কোচ কার্লো আনচেলত্তির কৌশল ও একাদশ নির্বাচন নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

স্পোর্টভির ‘সেলেসাও কোপা’ অনুষ্ঠানে মেলো দাবি করেন, ব্রাজিল শুরু থেকেই ভুল একাদশ নিয়ে মাঠে নেমেছিল। বিশেষ করে ডিফেন্ডার ইবানেজকে রাইট-ব্যাক হিসেবে খেলানোর সিদ্ধান্তকে বড় ভুল বলে উল্লেখ করেন তিনি।

মেলো বলেন, “আনচেলত্তি ইতিহাসের অন্যতম সেরা কোচ। কিন্তু এই সিদ্ধান্তকে উপেক্ষা করা যায় না। তিনি ভুল একাদশ দিয়ে শুরু করেছেন। ইবানেজের শুরুর একাদশে থাকার কথা ছিল না। সে মাঠ ছাড়ার পর দল অনেক ভালো খেলেছে। সে ভালো খেলোয়াড়, তবে ফুলব্যাক নয়। রাইট-ব্যাক হিসেবে খেলানোর আগে তাকে স্বাভাবিক পজিশন সেন্টার-ব্যাকে সুযোগ দেওয়া উচিত ছিল।”

ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। মেলোর মতে, দলের সেরা খেলোয়াড়ও ছিলেন ভিনিসিয়ুসই।

তিনি বলেন, “ভিনিসিয়ুস জুনিয়রই পার্থক্য গড়ে দিয়েছে। কিন্তু দলগতভাবে মরক্কো অনেক ভালো ছিল। বিশেষ করে রক্ষণভাগের সংগঠন নিয়ে ব্রাজিলকে আরও অনেক উন্নতি করতে হবে। আগের ম্যাচের পর যেসব ইতিবাচক আলোচনা হচ্ছিল, সেগুলোর প্রতিফলন এই ম্যাচে দেখা যায়নি।”

ব্রাজিলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন সাবেক এই মিডফিল্ডার। তার মতে, ম্যাচটি ড্র হওয়াই ব্রাজিলের জন্য সৌভাগ্যের।

মেলো বলেন, “ব্রাজিলের জন্য ড্র ভালো ফলাফল হতে পারে। কিন্তু একজন সমর্থক হিসেবে আমি আরও বেশি আশা করেছিলাম। দল এখনও অনেক পিছিয়ে আছে এবং উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। শুধু হাইতির বিপক্ষে জয় পাওয়ার জন্য নয়, পরবর্তী ধাপগুলোতেও টিকে থাকতে হলে আরও ভালো খেলতে হবে। তা না হলে দল ঝুঁকিতে পড়বে।”

আসন্ন ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামার আগে দলের মানসিকতা ও খেলায় পরিবর্তন আনার তাগিদও দেন তিনি।

মেলোর ভাষায়, “ব্রাজিল এভাবে নিষ্ক্রিয় থাকতে পারে না। গোল হজমের সময় মাঝমাঠের খেলোয়াড়রা শুধু দাঁড়িয়ে দেখেছে। একটি ভালো পাসেই পুরো রক্ষণভাগ এলোমেলো হয়ে গেছে। এটা ব্রাজিলের মানের সঙ্গে যায় না। আমাদের দল এর চেয়ে অনেক ভালো ফুটবল খেলার সামর্থ্য রাখে।”

বিশ্বকাপের শুরুতেই ড্র করায় এখন ব্রাজিলের সামনে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। পরবর্তী ম্যাচে হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য থাকবে সেলেসাওদের।

এনএনবাংলা/