Skip to content

Upcoming
Portugal
0-0
Spain
Source: ESPN

সৌদি সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। এ সময় তিনি ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্স নিজেও বাংলাদেশ সফরে আগ্রহী এবং সুবিধাজনক সময়ে তিনি এ সফর করবেন।

হুমায়ুন কবির বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকার এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় এবং ইতিবাচক সহযোগিতার মাধ্যমে তা কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি সৌদি সফরের আমন্ত্রণ এবং ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আগ্রহ—উভয়ই দুই দেশের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব ও গভীরতার প্রতিফলন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফরের সময়সূচি সম্পর্কে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পারস্পরিক আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে। তিনি জানান, গ্রীষ্মকাল শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএনবাংলা/