




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এ ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তারা নির্বাচন চেয়েছিলেন, তবে নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র চাননি। তার দাবি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের যাদের পরিচয় ছিল নিরপেক্ষ হিসেবে, তারাও এতে শরিক ছিলেন। তিনি আরও বলেন, সংশ্লিষ্টরাই পরে স্বীকার করেছেন যে ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।
নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একটি পক্ষ তখন সমন্বয়, ধৈর্য এবং দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষার আহ্বান জানিয়েছিল। সাড়ে ১৭ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনকে ঘিরে যদি তারা বিদ্রোহ করতেন বা ফলাফল প্রত্যাখ্যান করতেন, তাহলে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারত।
তিনি বলেন, ১১ দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তবে একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে, নির্বাচনের ফল মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেওয়া হবে না।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত তখনও শুকায়নি, স্বজনহারাদের কান্না তখনও থামেনি। সেই সময় তাদের পাশে না দাঁড়িয়ে কিছু রাজনৈতিক দল কীভাবে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, এতে প্রমাণ হয় যে তাদের কাছে নিজেদের সহযোদ্ধাদের রক্তেরও কোনো মূল্য ছিল না।
এ সময় বিএনপির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি একসময় সংসদে দাঁড়িয়ে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলেছিল। পরে একই সংসদে নিজেদের অবস্থানের মাধ্যমে তারাই জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।
এনএনবাংলা/
Tags: অন্তর্বর্তী সরকারজাতীয় সংসদ নির্বাচনজামায়াত আমিরনির্বাচন ষড়যন্ত্র
এ সম্পর্কিত আরও পড়ুন