Skip to content

Upcoming
France
0-0
Morocco
Source: ESPN

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বিশ্বকাপে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো’র সঙ্গে ক্লদিও ‘চিকি’ তাপিয়া। ছবি: ইন্টারনেট

মাঠে এবং মাঠের বাইরে—দুই ফ্রন্টেই চরম সংকটে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। একদিকে ফুটবল বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার বিতর্কিত জয় নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা, অন্যদিকে সংস্থাটির শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্তে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওন এবং আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স স্পোর্টস মেক্সিকো-এর প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ সভাপতি ক্লাউডিও ‘চিকি’ তাপিয়ার নেতৃত্বাধীন ফুটবল ফেডারেশন বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই-এর কঠোর নজরদারিতে রয়েছে। মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে শত শত মিলিয়ন ডলার কীভাবে লেনদেন হয়েছে এবং এর সঙ্গে অর্থ পাচার বা ব্যাংক জালিয়াতির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্লোরিডাভিত্তিক কোম্পানি ট্যুরপ্রোডএন্টার এলএলসি, যা বিদেশে এএফএ ’র আর্থিক চুক্তি ও বাণিজ্যিক কার্যক্রম তদারকি করে। লা নাসিওন-এর অনুসন্ধান অনুযায়ী, প্রতিষ্ঠানটি সিটিব্যাংক, ব্যাংক অব আমেরিকা এবং জেপি মরগানসহ পাঁচটি শীর্ষ মার্কিন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন ডলার লেনদেন করেছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই বিপুল অর্থের খুব সামান্য অংশ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রকৃত পরিচালনা ব্যয়ে খরচ দেখানো হয়েছে। বাকি অর্থের মধ্যে প্রায় ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু ভুয়া কোম্পানি ও সুবিধাভোগীদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে, যাদের কোনো বৈধ অর্থনৈতিক বা ব্যবসায়িক ভিত্তি নেই। এমনকি কোনো দৃশ্যমান সেবা ছাড়াই কোটি কোটি ডলার বুয়েনস আইরেস ও বারিলোচের কয়েকজন ব্যক্তির নিয়ন্ত্রণে গেছে, যারা কাগজে-কলমে সরকারি সামাজিক অনুদান গ্রহণকারী হিসেবে তালিকাভুক্ত।

৫৮ বছর বয়সী চিকি তাপিয়া শুধু আন্তর্জাতিক তদন্তেই নন, নিজ দেশেও রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে রয়েছেন। আর্জেন্টিনার ক্লাবগুলোর মালিকানা কাঠামো নিয়ে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছে।

এই বিরোধের ধারাবাহিকতায় মিলেই সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাপিয়ার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির আনুষ্ঠানিক মামলাও হয়েছে। এমনকি বুয়েনস আইরেসে মৌরিতানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে তাকে সম্মাননা দেওয়া হলে গ্যালারি থেকে অনেক দর্শক ‘ভুয়ো’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

বিশ্বকাপ শুরুর আগেই তাপিয়া ও এএফএ-র বিরুদ্ধে ফুটবলপ্রেমীদের অসন্তোষ বাড়ছিল। ঘরোয়া লিগে অজনপ্রিয় নিয়ম পরিবর্তন, একের পর এক দুর্নীতির অভিযোগ এবং বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল। এর মধ্যে মিশরের বিপক্ষে বিতর্কিত জয় সেই ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে এই জটিল আর্থিক লেনদেনের তদন্তে মার্কিন বিচার বিভাগের তিন অভিজ্ঞ প্রসিকিউটর—প্যাট্রিক গুশু, ক্রিস্টোফার টিং এবং মাইকেল বার্জার নেতৃত্ব দিচ্ছেন। তবে নিজেদের নির্দোষ দাবি করে এএফএ’র আইনজীবীরা বলেছেন, প্রাথমিক তদন্ত শুরু হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। তবুও ফুটবল বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রে এফবিআই-এর এই তদন্ত বিশ্ব ফুটবলে নতুন একটি বড় কেলেঙ্কারির ইঙ্গিত দিচ্ছে।

এনএনবাংলা/