Skip to content

Upcoming
France
0-0
Spain
Source: ESPN

আবুল হায়াতকে সম্মাননা দিয়ে শুরু নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নাট্যোৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬’ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে রোববার (১২ জুলাই) বিকেলে নতুন কলা ভবনের নিচতলায় বিভাগের মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে দেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত-কে ‘নাট্যজন সম্মাননা’ প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতিমান নাট্য নির্দেশক অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘যে দেশে জ্ঞানীর সম্মান হয় না, সে দেশে জ্ঞানীর জন্ম হয় না। আবুল হায়াত একজন অনন্য প্রতিভার অধিকারী, জননন্দিত অভিনেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেরণার বাতিঘর। আমি আশা করি, এই বিভাগের শিক্ষার্থীরা একেকজন আবুল হায়াত হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘নাট্যকলা ও পরিবেশনা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সংস্কৃতি ও শিল্পচর্চার ক্ষেত্র। এ খাতের শিল্পী ও কলাকুশলীরা দেশ-বিদেশে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার। স্বাগত বক্তব্য দেন নাট্যোৎসব আয়োজন কমিটির সদস্যসচিব ও নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। সভাপতিত্ব করেন আয়োজন কমিটির আহ্বায়ক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমত আরা ভূঁইয়া ইলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা।

‘নাট্যজন সম্মাননা’ গ্রহণ করে আবুল হায়াত বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ ধরনের স্বীকৃতি যেমন দীর্ঘদিনের কাজের মূল্যায়ন, তেমনি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।’

আয়োজকরা জানান, ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার ল্যাব-এ সাতটি নাটক মঞ্চস্থ হবে। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার অংশ হিসেবে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

প্রথম দিনে মঞ্চস্থ হবে শাহমান মৈশান রচিত, সনজিত কুমার দের পরিকল্পনা ও নির্দেশনায় ঢাকার ক্ষ্যাপাটে প্রযোজনা দলের নাটক ‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’। এছাড়া পর্যায়ক্রমে ‘কালিকা’, ‘ইনডিপেন্ডেন্স’, ‘একশ বস্তা চাল’, ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘ক্রীতদাসের হাসি’ এবং ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া প্রযোজনা দলের ‘পঞ্চমীর চাঁদ’ মঞ্চস্থ হবে।

এনএনবাংলা/