সাম্প্রতিক
Skip to content

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে অভিনেত্রী হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও রাজনৈতিক ইস্যুতে সাধারণত তাকে সরব হতে দেখা যায় না।কিন্তু এবার ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি র‍্যালিতে অংশ নেন জয়া আহসান।

পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, চলচ্চিত্র তারকা ও সাধারণ মানুষ অংশ নেন। জয়া আহসানের পাশাপাশি র‍্যালিতে দেখা যায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেককে। কর্মসূচিতে ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলান তারা।

জয়ার এই অংশগ্রহণের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তাকে নিয়ে বিদ্রুপও করেন। বিশেষ করে বাংলাদেশের নাগরিক হয়েও কলকাতার একটি স্থানীয় কর্মসূচিতে তার অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তাদের মতে, অন্য দেশের রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে কোনো তারকার অংশ নেওয়ার আগে বিষয়টি নিয়ে ভাবা প্রয়োজন।

তবে বিপরীত মতও দিয়েছে কেউ কেউ। অনেকেই জয়ার পাশে দাঁড়িয়ে বলছেন, নারীর নিরাপত্তা কোনো নির্দিষ্ট দেশের বিষয় নয়; এটি সার্বজনীন একটি দাবি। একজন শিল্পী হিসেবে নারীদের নিরাপত্তার দাবিতে রাজপথে দাঁড়ানোকে তারা ইতিবাচকভাবেই দেখছেন।

আয়োজকদের পক্ষ থেকে এই পদযাত্রাকে শুধু ভারতের স্বাধীনতা উদযাপনের কর্মসূচি হিসেবে দেখা হয়নি। নারীদের স্বাধীনতা, নিরাপত্তা ও সমমর্যাদার বার্তা দেওয়াও ছিল আয়োজনটির অন্যতম উদ্দেশ্য। সেই বার্তা সামনে রেখেই জয়া আহসান পদযাত্রায় অংশ নেন।

সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

এনএনবাংলা/এফএস