সেলেনা গোমেজের স্টার্টআপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিনিয়োগকারীদের মামলা

জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন পাঁচ বিনিয়োগকারী। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটির সাফল্য এবং এতে সেলেনা গোমেজের ভূমিকা সম্পর্কে তাদের বিভ্রান্ত করা হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার করা মামলায় বিনিয়োগকারীরা দাবি করেন, ২০২২ সালে তারা ওয়ান্ডারমাইন্ডে মোট ১২ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। তাদের প্রত্যাশা ছিল, সেলেনা গোমেজের জনপ্রিয়তা ও বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীদের কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি দ্রুত বড় ধরনের ব্যবসায়িক সাফল্য অর্জন করবে।
২০২১ সালে যাত্রা শুরু করা ওয়ান্ডারমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ছিলেন সেলেনা গোমেজ। তিনি একই সঙ্গে প্রতিষ্ঠানটির চিফ ইমপ্যাক্ট কর্মকর্তা এবং বিপণন বিভাগের প্রধানের দায়িত্বেও ছিলেন। মানুষের মানসিক সুস্থতার জন্য প্রতিদিন ব্যবহারযোগ্য সহজ কিছু উপায় দেওয়াই ছিল প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
মামলায় বিনিয়োগকারীরা অভিযোগ করেন, ওয়ান্ডারমাইন্ডের ভবিষ্যৎ নিয়ে তাদের সামনে একাধিক সম্ভাবনাময় পরিকল্পনা তুলে ধরা হয়েছিল। এর মধ্যে ছিল বড় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, বিজ্ঞাপনী চুক্তি, তারকাদের নিয়ে প্রচ্ছদ কাহিনী এবং নতুন একটি অ্যাপ তৈরির পরিকল্পনা।
তবে তাদের দাবি, এসব পরিকল্পনার কোনোটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যাশিত অংশীদারত্ব হয়নি, বিজ্ঞাপনী চুক্তিও বাস্তব রূপ পায়নি এবং নতুন অ্যাপটিও তৈরি করা হয়নি।
বিনিয়োগকারীদের অভিযোগ, এরই মধ্যে প্রায় তিন বছর ধরে ওয়ান্ডারমাইন্ড আর্থিক ও সাংগঠনিক সমস্যায় ধীরে ধীরে ভেঙে পড়লেও তাদের এ বিষয়ে যথাযথভাবে জানানো হয়নি।
মামলায় আরও বলা হয়েছে, ২০২২ সালে ওয়ান্ডারমাইন্ডের মূল্য ৯ কোটি ৫০ লাখ ডলার বলে জানানো হয়েছিল। ওই সময় বিনিয়োগকারীদের এমন ধারণা দেওয়া হয়েছিল যে প্রতিষ্ঠানটির সামনে বড় ধরনের ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। পরে তারা জানতে পারেন, প্রতিষ্ঠানটি গুরুতর সমস্যার মধ্যে রয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত বছর দ্য কাট পত্রিকায় প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বিনিয়োগকারীরা ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ সমস্যার বিষয়ে জানতে পারেন। ওই প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ভেতরের ক্ষমতার দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কথাও উঠে এসেছিল।
তবে সেলেনা গোমেজের আইনজীবী বিনিয়োগকারীদের অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সেলেনা কোনো ধরনের প্রতারণা বা অন্য কোনো অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন—এমন অভিযোগের কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই।
আইনজীবী আরও জানান, এসব অভিযোগের বিরুদ্ধে তারা আইনি লড়াই করবেন এবং মামলাটি খারিজের আবেদনও করবেন।
মামলায় সেলেনা গোমেজের মা টিফি গোমেজ এবং ওয়ান্ডারমাইন্ডের সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনকেও আসামি করা হয়েছে। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ এবং আইনজীবীর খরচও দাবি করেছেন।
মামলায় আরও গুরুতর একটি অভিযোগ আনা হয়েছে। সেলেনার মা টিফি বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসন নাকি বিনিয়োগকারীদের অর্থের একটি অংশ নিউইয়র্কে নিজের বাসার ভাড়া দিতে ব্যবহার করেছিলেন। ওই বাসার মাসিক ভাড়া প্রায় ৬০ হাজার ডলার ছিল বলে মামলায় দাবি করা হয়েছে।
পিয়ারসন ২০২৩ সালে ওয়ান্ডারমাইন্ড থেকে চলে যান। তবে বিনিয়োগকারীদের এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
এনএনবাংলা/
