সাম্প্রতিক
Skip to content

মন্ত্রিসভায় ড. মঈন-পার্থসহ নতুন চার মুখ, রাতে শপথ

মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া নতুন চার সদস্য হলেন- ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ছবি: সংগৃহীত

সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন আরও চার সদস্য। আজ শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন। সরকারের কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভা সম্প্রসারণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলও হতে পারে।

নতুন চার সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ সূত্র থেকে জানা গেছে, নতুন সদস্যরা যুক্ত হওয়ার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে প্রবেশ করবেন মির্জা ফখরুল। এরপর জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর ভারপ্রাপ্ত স্পিকার তাকে রাষ্ট্রপতির শপথ পড়াবেন।

এর আগে গত ২৪ জুলাই আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন কর্নেল (অব.) অলি আহমদ।

ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করেন। ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় ভোট হয়েছিল। এরপর প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।

এনএনবাংলা/