প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের রাষ্ট্রপতি ভবনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটি আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শেখ হাসিনার ফেরা নিয়ে টানাপড়েন এবং তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার এমন ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেইঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। এর কারণ হিসেবে জানানো হয়েছিল, বাংলাদেশ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণ মহড়া অনুষ্ঠিত হবে।
তবে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। এমনকি সফরের সম্ভাব্য তারিখও জানানো হয়নি। এর মধ্যেও বাংলাদেশ ও ভারতের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে আলোচনা চলায় বিষয়টি স্বাভাবিকভাবেই সফরের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হয়।
বিজ্ঞপ্তি প্রকাশের কিছুক্ষণ পরই অবশ্য কোনো কারণ উল্লেখ না করে সেটি প্রত্যাহার করে নেয় ভারতের রাষ্ট্রপতি ভবন।
এর আগে রাষ্ট্রপতি ভবনের ওই বিজ্ঞপ্তির ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছিল ভারতের বার্তা সংস্থা আইএএনএস। ভারতের তথ্য অধিদপ্তরও বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল। পরে ওই পোস্ট এবং বিজ্ঞপ্তি—দুটিই সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। একইভাবে আইএএনএসও তাদের পোস্ট সরিয়ে নেওয়ার কারণ জানায়নি।
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্ক যখন আলোচনায়, ঠিক সেই সময়ে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রকাশ ও দ্রুত প্রত্যাহারের ঘটনায় বিষয়টি নতুন করে কৌতূহল তৈরি করেছে।
এনএনবাংলা/

