সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান

ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা, ভূমিধস ও তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাত পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ১০০ জন বলে জানিয়েছিল। কয়েক ঘণ্টার ব্যবধানেই মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুর্গত এলাকায় এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় তাদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

নেপাল পুলিশ জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকায় একাধিক উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। তারা নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ এবং নিহতদের মরদেহ শনাক্ত ও নথিভুক্ত করার কাজ করছে।

উদ্ধার অভিযানে প্রশিক্ষিত কুকুরের একটি দল ও চারটি ড্রোন ব্যবহার করা হচ্ছে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজদের সন্ধানে এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রসুয়া জেলায় এখনো ২৮ জন পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। তাদের পাশাপাশি অন্যান্য নিখোঁজ ব্যক্তিদের সন্ধানেও অভিযান অব্যাহত রয়েছে।

কীভাবে ভয়াবহ বন্যার সূত্রপাত?

বন্যার কারণ নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নেপালের আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, তিব্বতের অংশে পাহাড় থেকে বিশাল বরফখণ্ড বা হিমবাহের একটি অংশ ধসে পড়তে পারে। এর সঙ্গে পাথর ও পলি নিচে নেমে এসে লেন্দে নদীর প্রবাহে বাধা তৈরি করে থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বরফ ও পাথরের সংঘর্ষে বিপুল পরিমাণ পানি তৈরি হওয়ার পাশাপাশি নদীতে জমে থাকা পাথর ও পলি মিলে এক ধরনের প্রাকৃতিক বাঁধ সৃষ্টি হতে পারে। পরে সেই বাঁধ ভেঙে গেলে বিপুল পরিমাণ পানি হঠাৎ নিচের দিকে প্রবাহিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করতে পারে।

তবে দুর্যোগের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। হিমালয়ের দুর্গম ভূপ্রকৃতি এবং তিব্বতের প্রত্যন্ত এলাকায় মানুষের উপস্থিতি কম থাকায় ঘটনাস্থল থেকে সরাসরি তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা পরিষ্কার স্যাটেলাইট ছবি পাওয়ার পর বিভিন্ন উৎসের তথ্য যাচাই করে বন্যার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা করছেন।

এর আগে হিমবাহ-গলিত পানিতে তৈরি কোনো হ্রদ ভেঙে এই বন্যা হয়েছে কি না, এমন আশঙ্কাও করা হয়েছিল। তবে কয়েকজন হিমবাহ বিশেষজ্ঞ সেই সম্ভাবনা নাকচ করেছেন।

নিখোঁজ বিদেশি নাগরিকও

এই দুর্যোগে বিদেশি নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪ জন মার্কিন পর্যটক রয়েছেন। তাদের উদ্ধারে নেপালে অবস্থিত মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও ট্যুর অপারেটরদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ নাগরিকদের সহায়তায় সরকার সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেবে। নিখোঁজ ব্রিটিশ নাগরিকদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

দুর্যোগের পর নেপাল পুলিশ সাধারণ মানুষকে নদী ও খালের তীর, বন্যাকবলিত এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সরকার ও নিরাপত্তা সংস্থার নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কার্যক্রম চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনএনবাংলা/