নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫

নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও তুষারধসের ঘটনায় অন্তত ৩৫টি দেশের নাগরিক নিখোঁজ হয়েছেন। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য এবং নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সংস্থাটির হিসাবে, মোট ১ হাজার ৩৮১ জন নিখোঁজ রয়েছেন। তবে রয়টার্সের প্রতিবেদনে নিখোঁজের সংখ্যা প্রায় দেড় হাজার বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই দুর্যোগে অন্তত ৩৩৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩৩২ জন নেপালের। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, তিব্বতে নিহত হয়েছেন তিনজন।
নেপাল পুলিশের বরাত দিয়ে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের মধ্যে চিতওয়ানে ১০৮, নওয়ালপরাসি ইস্টে ৬২, ধাদিংয়ে ২৭, গোরখায় ২০, রাসুওয়ায় ১৭, নওয়ালপরাসি ওয়েস্টে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাহুনে ৯ জন রয়েছেন।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটক মিলিয়ে অন্তত ৮২৬ জনের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তিব্বতে ৫৫৮ জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে স্থানীয় একটি গ্রামের দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ড ও বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে নিখোঁজদের নাগরিকত্বভিত্তিক তালিকা প্রকাশ করেছে এএফপি। তালিকায় ১২৭ জন নেপালি নাগরিকের পাশাপাশি চীনের ১০০, ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৪, ইউক্রেনের ৫৩, মালয়েশিয়ার ৫০, অস্ট্রেলিয়ার ৩৪, যুক্তরাজ্যের ৩৩ এবং কানাডার ২৫ জন রয়েছেন।
এছাড়া দক্ষিণ কোরিয়ার ৯, সিঙ্গাপুরের ৯, জার্মানির ৮, রাশিয়ার ৮, দক্ষিণ আফ্রিকার ৬, লাটভিয়ার ৬, জাপানের ৫, নিউজিল্যান্ডের ৫, ফ্রান্সের ৪ এবং স্পেনের ৪ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের তালিকায় বেলজিয়ামের ৩, পর্তুগালের ২, নেদারল্যান্ডসের ২, ইতালির ২, আয়ারল্যান্ডের ২, কাজাখস্তানের ২ এবং হাঙ্গেরির ২ জনও রয়েছেন। এছাড়া বেলারুশ, বুলগেরিয়া, ফিনল্যান্ড, ইসরায়েল, লিথুয়ানিয়া, ফিলিপাইনস, সার্বিয়া, সুইডেন ও সুইজারল্যান্ডের একজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন।
এএফপি জানিয়েছে, পর্বতারোহণ ও পাহাড় দেখার জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ নেপালে যান। এ কারণে নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্য। এছাড়া তীর্থযাত্রায় আসা হিন্দু ধর্মাবলম্বীরাও নিখোঁজদের তালিকায় রয়েছেন।
তবে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পর উদ্ধার অভিযান চলতে থাকায় হতাহত ও নিখোঁজের সংখ্যা নিয়মিত পরিবর্তিত হতে পারে। এএফপি জানিয়েছে, দ্বৈত নাগরিকদের একাধিকবার গণনা, উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে নিখোঁজদের তালিকা যাচাই এবং দুর্যোগ-পরবর্তী বিশৃঙ্খলার কারণে সংখ্যায় পার্থক্য তৈরি হতে পারে।
চীন থেকে নিখোঁজদের যে পরিসংখ্যান পাওয়া গেছে, সেখানে নাগরিকত্ব অনুযায়ী আলাদা তথ্য দেওয়া সম্ভব হয়নি। এর আগে বিভিন্ন সংগঠন ও পর্যটন সংস্থা—যেমন ট্রেকার্স সোসাইটি ৭৭ জন, কৈলাশ জার্নি ২৬ জন এবং রিচা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ৮ জন নিখোঁজের তথ্য জানিয়েছিল। বৃহস্পতিবার নেপাল ট্যুরিজম বোর্ডের প্রকাশিত নতুন হিসাবের মধ্যে এসব ব্যক্তি অন্তর্ভুক্ত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
এনএনবাংলা/

