সাম্প্রতিক
প্রতিদিন গড়ে ১০ খুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে? ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫ ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’—লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা ৬৪ জেলার আইনশৃঙ্খলা-মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশে কমেছে খুন-ধর্ষণ-মব সহিংসতা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ভোট নভেম্বরে: সিইসি বন্ধ কলকারখানা চালু করতে ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা ‘খণ্ডিত সংস্কার’ মানবে না বিরোধী দল, ‘ক্ষোভ উগরে’ সংসদে ওয়াকআউট
Skip to content

ট্রাইব্যুনালে দীপু মনি

‘এখন আর বাসায় ফেরার প্রয়োজন নেই, আমি জামিন চাই না’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সংগৃহীত

স্বামী তৌফিক নাওয়াজের মৃত্যুর পর আর বাসায় ফেরার তাড়া নেই জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন না চাওয়ার কথা জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি তার জামিনের আবেদন প্রত্যাহারেরও আবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের জামিন শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হলে তিনি এ কথা বলেন।

জামিন শুনানি শুরুর আগে ট্রাইব্যুনালের কাছে কথা বলার অনুমতি চান দীপু মনি। অনুমতি পেয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে মাইক্রোফোনে তিনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ। গত এপ্রিলে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’

এরপর স্বামীর অসুস্থতা ও মৃত্যুর কথা তুলে ধরে দীপু মনি বলেন, এর আগে জামিন আবেদনের শুনানির সময় ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছিল, ‘বাসায় গিয়ে কী করবেন?’ কিন্তু এখন তার আর বাসায় যাওয়ার প্রয়োজন নেই।

দীপু মনি বলেন, তার স্বামী তৌফিক নাওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন এবং তার বাকশক্তিও ছিল না। কোনো কথা বললে চোখের পলক ফেলে তিনি উত্তর দিতেন। দীপু মনি আরও বলেন, পাঁচ বছর সরকারি দায়িত্ব পালনের সময় তিনি শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছেন।

তিনি বলেন, ‘এ অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে দুই বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন। আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি।’

চার মাস আগে স্বামীকে হাসপাতালে ভর্তি করার পর জামিনের আবেদন করা হয়েছিল জানিয়ে দীপু মনি বলেন, ‘৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’

দীপু মনির বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল বলেন, ‘উই আর সাডেন্ড’ (আমরা মর্মাহত)। ট্রাইব্যুনাল আরও বলেন, হোয়াটএভার ইউ সেইড, বাট মেনি আদার রিজন হ্যাড টু কনসিডার্ড অ্যান্ড উই থট বোথ সাইডস (আপনি যাই বলুন না কেন, আরও অনেক কিছু বিবেচনায় নিতে হয়, উভয় পক্ষের কথা ভাবতে হয়)।’

পরে দীপু মনির জামিন আবেদন প্রত্যাহারের আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ১৮ আগস্ট মারা যান দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ। তার মৃত্যুর পর তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। এর আগে গত ২৬ এপ্রিল জামিন আবেদন করেছিলেন সাবেক এই শিক্ষামন্ত্রী।

এনএনবাংলা/