সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মৃণাল রূপে চঞ্চলের নতুন ঝলক

অনলাইন ডেস্ক :

বেচু চ্যাটার্জি স্ট্রিট থেকে দেশপ্রিয় পার্ক, কলকাতা জুড়ে ‘পদাতিক’ সিনেমার শুটিং চলছে মহাসমারোহে। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ তার ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গত ১৩ জানুয়ারি ছবিতে চঞ্চলকে কী রূপে দেখা যাবে, তার একছটা প্রকাশ করা হয়। এক মাস পর আবারও সামনে এলো কিছু স্থিরচিত্র। তাকে দেখে চেনার উপায় নেই, চঞ্চল নাকি মৃণাল! এমন দ্বিধা-দোটানায় পড়ছেন ভক্ত, সহকর্মীরা। মৃণাল রূপে চঞ্চলের চারটি ছবি পোস্ট করেছেন তার বন্ধু, অভিনেত্রী শাহনাজ খুশি। একটিতে বৃদ্ধ মৃণালের সাজে সেলফি তুলছেন, দুটিতে সিগারেট ফুঁকছেন, আরেকটিতে ভাবুক চাহনিতে দাঁড়িয়ে আছেন রাস্তায়। ছবিগুলোর সঙ্গে খুশির মুগ্ধতা ভরা বার্তা, ‘তুই আর কী কী অনবদ্য অভিনয়ে, গেটআপে চমকে দিবি, সেই ভয়ে ভীত থাকি বন্ধু! তুই আমাদের অভিনয় জগতের এক অন্য অহংকার, অন্য ভালোবাসা। অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখবো তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।’ শুধু শাহনাজ খুশি নয়, দেশের আরও অনেক শিল্পী, সাধারণ দর্শক চঞ্চলের ছবিগুলো পোস্ট করছেন আর প্রশংসায় ভাসাচ্ছেন। চঞ্চল নাকি মৃণাল; এই দ্বিধায় যখন তারা ডুবে আছেন, তখন শুটিংয়ে ব্যস্ত চঞ্চল। জানা গেলো, এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন অভিনেতা। কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটে চলছে ‘পদাতিক’র শুটিং। তার হালচাল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয় পশ্চিমবঙ্গের গণমাধ্যমে। তাতে বলা হয়েছে, একেকটি দৃশ্যের জন্য সাত-আটটি টেক নিচ্ছেন সৃজিত। আর বিন্দুমাত্র ক্লান্তি বা বিরক্তি না দেখিয়ে স্বাচ্ছন্দ্যেই শট দিয়ে যাচ্ছেন চঞ্চল। শুটিং দেখতে ভিড় জমানো লোকজনের অনেকেই তাকে চিনে নিচ্ছে, যারা চিনছেন না, তারাও তার অভিনয়শক্তি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে। এ শুটিংয়ে রয়েছেন টলিউড অভিনেত্রী মনামী ঘোষও। তিনি অভিনয় করছেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে। এর আগে ‘পদাতিক’ সিনেমাটি নিয়ে শুভকামনা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও। এই ছবি ঘিরে সিনে জগতের মানুষের এত আগ্রহের কারণ, মৃনাল সেন উপমহাদেশের সেরা নির্মাতাদের একজন। তাই কেমন রূপে তাকে পর্দায় তুলে ধরা হয়, সেটা দেখার কৌতূহল সবার মধ্যেই বিরাজমান।