Skip to content

Upcoming
Jordan
0-0
Algeria
Source: ESPN

সখীপু‌রে মসজিদের জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

oppo_0

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমাবংকী মাদ্রাসাপাড়া জামে মসজিদের ২০ শতাংশ দানকৃত জমি দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে সখীপুর–গোড়াই সড়কের প্রতিমা বংকী ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন মুসুল্লি ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে প্রতিমাবংকী মাদ্রাসাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি সোহরাব মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মাস্টার, সাবেক ইউপি সদস্য জিন্নত আলী, আলতাব জোছেন, আফসার আলী, যুগ্ম সম্পাদক আবদুর রউফসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন— তৎকালীন মসজিদ কমিটির সভাপতি আব্দুল কদ্দুস মিয়া দীর্ঘদিন ধরে মসজিদের দানকৃত জমি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। সামাজিকভাবে বারবার অনুরোধ করা হলেও তিনি জমি বুঝিয়ে দিচ্ছেন না।

আরও অভিযোগ তুলে বলা হয়, আব্দুল কদ্দুস কৌশলে জমির দলিল গোপন রেখে মসজিদের ভবন অন্যত্র নির্মাণ করেন এবং দানকৃত জমিতে দোকানঘর নির্মাণ করে প্রায় ৩৬ বছর ধরে ভোগদখল করে আসছেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত মসজিদের জমি উদ্ধারের পাশাপাশি জমি আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কদ্দুস দাবি করেন, ‘আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা। আমি অনেক আগেই মসজিদের জমি বুঝিয়ে দিয়েছি। আমার কাছে সব কাগজপত্র রয়েছে। আর আমি ওই মসজিদের সভাপতি ছিলাম না।’

উল্লেখ্য, ১৯৯০ সালে মসজিদ নির্মাণের উদ্দেশ্যে এলাকার মো. নায়েব আলী সিকদার, শামছুল আলম, বদরুদ্দোজা ওরফে লোকমান হোসেন, নজিমন নেছা ও মনোয়ারা বেগম মিলে মোট ২০ শতাংশ জমি দান করেন।