মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, সিঙ্গাপুর না নেওয়ার সিদ্ধান্ত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা দলীয় এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস সহ কর্তব্যরত চিকিৎসকরা।
উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের নেওয়ার কথা ছিল। সেখানে তাঁকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করা হবে এমনটা জানালেও তাঁর শারীরিক অবস্থা দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। তবে, পরবর্তীতে তার মেডিকেল বোর্ড মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
তিনি আরও বলেন, আজকে মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। সেই অনুযায়ী উনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই বিএনপি নেতা। পরে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
