সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

 

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারাকে কেন্দ্র করে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলারামপুরের মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে আসেন পেড়লি গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। কিন্তু পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে পারেননি। এ সময় তেল না পাওয়াকে কেন্দ্র করে ট্রাকচালকের সঙ্গে নাহিদের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ট্রাকচালক সুজাত মোল্যা ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে মোটরসাইকেলে করে নিজ গ্রাম পেড়লি যাওয়ার উদ্দেশ্যে পাম্প থেকে বের হন নাহিদ সরদার ও কর্মচারী জিহাদ মোল্যা। পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে পেছন দিক থেকে এসে ট্রাকচালক সুজাত তাদের লক্ষ্য করে ট্রাক উঠিয়ে দেন।

এতে ঘটনাস্থলেই পাম্প ম্যানেজার নাহিদ সরদার নিহত হন। গুরুতর আহত অবস্থায় জিহাদ মোল্যাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগবিতণ্ডার পর ট্রাকচালক পাম্প এলাকায় অবস্থান করছিলেন। দিবাগত রাত ২টা ১০ মিনিটে নাহিদ সরদার তার বন্ধু জিহাদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে দ্রুতগতিতে ট্রাকটি তাদের পিছু ধাওয়া করে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি সেকেন্দর আলী জানান, ট্রাকচাপায় পাম্প ম্যানেজারের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনএনবাংলা/পিএইচ