হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেড় মাসে মৃত্যু ৩৫২
দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও নয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া নয় শিশুর মধ্যে তিনজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুই বরিশাল বিভাগের বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন খুলনা বিভাগের এবং একজন সিলেট বিভাগের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৩৫ জনের শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ৪৮৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ৫৫ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।
এনএনবাংলা/পিএইচ
