৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ জন গ্রেপ্তার
রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও অর্থ পাচার চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
অভিযানকালে বিভিন্ন ফ্ল্যাট থেকে শতাধিক সিম কার্ড, জিএসএম গেটওয়ে ডিভাইস, ল্যাপটপ, স্মার্টফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এম এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিনজি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো. কাউসার হোসেন (২৪), মো. আবদুল করিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রাম গ্রুপসহ বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য পাওয়া যায়।
তিনি বলেন, এসব চক্র সাধারণ মানুষকে অল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলত।
তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকা থেকে কাউসার, করিম ও রোকনকে এবং তুরাগ থানার রুপায়ন হাউজিং এস্টেট এলাকা থেকে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—৩টি ৬৪-পোর্টের জিএসএম গেটওয়ে মেশিন, একটি ৮-পোর্ট মেশিন, একটি ২৫৬-পোর্ট মেশিন, বিভিন্ন অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ ৬ লাখ ৫ হাজার টাকা, বিদেশি নাগরিকদের পাসপোর্ট, এনআইডি এবং একটি টয়োটা মাইক্রোবাস।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যের নামে নিবন্ধিত এমএফএস এজেন্ট সিম সংগ্রহ করে জিএসএম গেটওয়ে ডিভাইসের মাধ্যমে একসঙ্গে শতাধিক সিম সচল রাখতেন। এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়া, প্রতারণা এবং অবৈধ আর্থিক লেনদেন পরিচালনা করা হতো।
এনএনবাংলা/
