ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছে ভারতের বিমান খাত। এই পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ঢাকাসহ ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন রুটে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসে প্রায় ৪০০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এনডিটিভি অনলাইন এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের বিভ্রান্তিতে ফেলার চেয়ে আগেভাগেই এই সমন্বয় করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার নতুন সূচি অনুযায়ী, এশিয়ার মধ্যে মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি স্থগিত করা হয়েছে। পাশাপাশি দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটের ফ্লাইট সংখ্যা সাপ্তাহিকভাবে কমানো হয়েছে। নেটওয়ার্কের স্থিতিশীলতা বজায় রাখতে এবং যাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আন্তর্জাতিক অন্যান্য রুটেও বড় ধরনের কাটছাঁট আনা হয়েছে। উত্তর আমেরিকার রুটে দিল্লি-শিকাগো ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দিল্লি-সান ফ্রান্সিসকো রুটে সাপ্তাহিক ফ্লাইট ১০টি থেকে কমিয়ে ৭টি করা হয়েছে এবং দিল্লি-টরন্টো রুটে জুলাই পর্যন্ত সাপ্তাহিক ফ্লাইট ১০টি থেকে কমিয়ে ৫টি করা হবে, তবে আগস্ট থেকে আবার দৈনিক ফ্লাইট চালু হবে। এছাড়া দিল্লি-ভ্যাঙ্কুভার রুটে সাপ্তাহিক ফ্লাইট ৭টি থেকে কমিয়ে ৫টি এবং ইউরোপের দিল্লি-প্যারিস রুটে সাপ্তাহিক ফ্লাইট ১৪টি থেকে কমিয়ে ৭টি করা হয়েছে। কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোম রুটেও ফ্লাইটের সংখ্যা কিছুটা কমানো হয়েছে।
এশিয়া ও অস্ট্রেলিয়ার রুটেও প্রভাব পড়েছে। দিল্লি-মেলবোর্ন ও দিল্লি-সিডনি রুটে দৈনিক ফ্লাইটের পরিবর্তে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হবে। দিল্লি-সাংহাই এবং চেন্নাই-সিঙ্গাপুর ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, হো চি মিন সিটি, হ্যানয় ও ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এছাড়া দিল্লি-কাঠমান্ডু রুটে জুলাই ও আগস্টে সাপ্তাহিক ফ্লাইট ৪২টি থেকে কমে ২১টিতে নেমে আসবে এবং দিল্লি-মালে রুটও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটে পুনঃবুকিং, বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুবিধা রাখা হয়েছে। সহায়তার জন্য সংস্থাটির ২৪ ঘণ্টার কন্টাক্ট সেন্টার ও ডিজিটাল সেবা চালু থাকবে।
এনএনবাংলা/
