Skip to content

মাঠে পাওয়া গেল এসএসসি ২০২৬ পরীক্ষার ৫০ উত্তরপত্র

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড়মাঠ থেকে উদ্ধার হওয়া এসএসসি পরীক্ষার উত্তরপত্র। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও শহরের একটি খোলা মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠসংলগ্ন শহীদ মিনার এলাকার পাশ থেকে এসব খাতা উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন যুবক মাঠের পাশে বাঁধাই করা একটি খাতার বান্ডিল দেখতে পান। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, সেগুলো এসএসসি পরীক্ষার উত্তরপত্র। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

একই এলাকায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষাসংক্রান্ত খাতা উদ্ধারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগে ৯ মে কাছাকাছি স্থান থেকে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা উদ্ধার করা হয়েছিল।

অভিভাবক শাহজাহান বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ সময় পরিশ্রম করে পরীক্ষায় অংশ নেয়। সেই উত্তরপত্র যদি এভাবে বাইরে পড়ে থাকে, তাহলে পরীক্ষার নিরাপত্তা ও মূল্যায়ন ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরাও। শিক্ষার্থী লাবিব বলেন, উত্তরপত্র সঠিকভাবে সংরক্ষণ না হলে ফলাফলেও প্রভাব পড়তে পারে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করেছে। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কীভাবে উত্তরপত্রগুলো মাঠে এলো এবং দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/