




পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আবারও জমে উঠেছে ঢাকাই সিনেমার বাজার। এবার ঈদে দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে ৯টি নতুন সিনেমা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ১৫০টি হলে সিনেমাগুলো প্রদর্শিত হবে।
মুক্তির তালিকায় রয়েছে ‘রকস্টার’, ‘মাসুদ রানা’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, একসঙ্গে এত সিনেমা মুক্তি দেওয়া ভবিষ্যতে প্রযোজকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
আলোচনায় শাকিব খানের ‘রকস্টার’
ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটির ‘পিরিতি’ ও ‘আমাকে ভাসিয়ে দাও’ গান, দুটি টিজার, পোস্টার এবং অ্যানিমেশন প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সেন্সর ছাড়পত্র পাওয়া সিনেমাটি প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
ঈদে আসছে ‘মাসুদ রানা’ ও ‘রইদ’
ঈদের আরেক আলোচিত সিনেমা মাসুদ রানা পরিচালনা করেছেন সৈকত নাসির। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী ও সৈয়দা তিথি অমনি।
সেবা প্রকাশনীর জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে নির্মিত সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে।
এদিকে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন আসছেন নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েতসহ অনেকে।
শুভ-মিম জুটির ‘মালিক’ নিয়েও আগ্রহ
ঈদের সিনেমার তালিকায় রয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ‘মালিক’। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এর ট্রেলার ও গান ইতোমধ্যে দর্শকদের নজর কাড়ছে।
সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে অভিনয় করেছেন নাবিলা ও খায়রুল বাসার।
এছাড়া ঈদে মুক্তির তালিকায় রয়েছে ‘পিনিক’, ‘তছনছ’ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। এসব সিনেমায় অভিনয় করেছেন বুবলী, আদর আজাদ, মুন্না খান, ববি হক, ডিএ তায়েব ও মাহিয়া মাহি প্রমুখ।
একসঙ্গে এত সিনেমা মুক্তি পাওয়ায় ঈদের বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি ব্যবসায়িক চাপও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএনবাংলা/
Tags: Dhallywood cinemaEid movies 2026 Bangladeshঈদুল আজহা সিনেমাঈদের সিনেমা ২০২৬শাকিব খান রকস্টার
এ সম্পর্কিত আরও পড়ুন