Skip to content

Upcoming
Ghana
0-0
Panama
Source: ESPN

আদ্-দ্বীনে সাড়ে ৩ ঘণ্টার অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে পরিচালিত সাড়ে ৩ ঘণ্টার অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (৩১ মে) বিকেলে ডিএসসিসির তিন সদস্যের ম্যাজিস্ট্রেট দল হাসপাতালটিতে অভিযান চালায়। তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ মিটার (টেম্পারেচার মনিটরিং সিস্টেম) না থাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রোগীদের খাবার প্রস্তুত ও পরিবেশন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালের ক্যান্টিনে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায় এবং সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগ দীর্ঘ সময় ধরে পরিদর্শনের পর একাধিক অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

তিনি বলেন, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের রেফ্রিজারেটরে কোনো তাপমাত্রা পর্যবেক্ষণ মিটার পাওয়া যায়নি। শুধু চিকিৎসকদের চেম্বারে এসব মিটার ছিল। এছাড়া সংরক্ষিত খাবারে প্রয়োজনীয় লেবেলিংয়েরও ঘাটতি ছিল। কিছু স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত এসব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না হলে পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জনবল সংকটকে নিয়মিত তদারকির ঘাটতির কারণ হিসেবে উল্লেখ করেছে।

হাসপাতাল ভবনের ছাদে থাকা বেকারি প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযানের সময় বেকারিটি বন্ধ পাওয়া যায়। তবে হাসপাতাল ভবনের ভেতর দিয়েই ওই স্থাপনায় প্রবেশ করা হয়েছে এবং একই ভবনের অংশ হিসেবে সেটি দেখা গেছে।

অভিযানে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ মে হাসপাতালটির ডেলিভারি ইউনিটের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ঘটনার তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর জরুরি চিকিৎসাসেবার মান যাচাই এবং অনিয়ম প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনারও দাবি জানানো হয়েছে।

এনএনবাংলা/