Skip to content

ভারতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত একটি হোটেলে বুধবার (৩ জুন) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। তবে কয়েকজনকে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে মিকাসা ইন হোটেলের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, জরুরি কল পাওয়ার পরপরই দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকলসহ প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়।

জানা গেছে, হাউজ রানি এলাকার একটি সরু গলিতে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল। অগ্নিকাণ্ডের সময় সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে দিল্লিতে আসা কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে কয়েকজন আতঙ্কিত অতিথি ভবনের ওপর থেকে নিচে লাফিয়ে পড়ছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

এনএনবাংলা/পিএইচ