Skip to content

Upcoming
Bosnia-Herzegovina
0-0
Qatar
Source: ESPN

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ‘আগের চেয়েও বেশি সফল’, সরকারকে শাওনের ধন্যবাদ

ছবি: শাওনের ফেসবুক থেকে সংগৃহীত।

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা এবং সরকারের কঠোর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে কটাক্ষপূর্ণ মন্তব্য করেন।

প্রথম পোস্টে শাওন স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বৈপরীত্য তুলে ধরেন। তিনি লেখেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’। কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে, যা আগে কখনো ছিল না!”

একই পোস্টে তিনি আরও লেখেন, “আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়েও বেশি আলোচিত ও সফল করে তুলবার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ।”

পোস্টটির সঙ্গে তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং নিরাপত্তা তৎপরতা সংক্রান্ত একাধিক গণমাধ্যমের নিউজ ফটোকার্ডও শেয়ার করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকারের অতিরিক্ত সতর্কতা ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা উল্টো আওয়ামী লীগকে জনআলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে—শাওনের পোস্টে সেই ইঙ্গিতই স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এর কিছুক্ষণ পর শাওন আরও একটি পোস্ট করেন। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টহল, সতর্ক অবস্থান এবং হেলিকপ্টার দিয়ে নজরদারির একটি ভিডিও শেয়ার করেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “বনের বাঘে খায় না রে পাগলা—মনের বাঘে খায়।”

শাওনের এই দুটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও তার মন্তব্য নিয়ে নানা ধরনের ব্যাখ্যা-বিশ্লেষণ দেখা যাচ্ছে।

এনএনবাংলা/